পাবনার সাঁথিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া নামক স্থানে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৪২) সদর উপজেলার দিপচর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। অপর দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয়রা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন মারা যান। অপর দু'জন পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত আরেক ব্যাক্তি মাছরাঙা পরিবহনের চালকের সহকারী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন: