দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৭

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, 'দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

এর আগে বেলা ১২টা পর্যন্ত ভোট সংগ্রহের তথ্য জানিয়েছিলেন ইসি সচিব। তিনি বলেন, 'সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা আসছেন এবং ভোট দিচ্ছেন।'

ইসি সচিব বলেন, 'বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী- সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আমরা বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোট চালু আছে।'

তিনি বলেন, 'কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সেগুলো নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। এর জন্য আমি তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।'

বিভিন্ন জায়গায় সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'কোনো ধরনের মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারির মতো ঘটনা জানতে পেরেছি। মূলত কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ নেওয়ার কারণে কোথাও ভোট স্থগিত হয়নি।'