সারাদেশে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি

সারাদেশে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'সারাদেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনো কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি। তবে সামগ্রিক ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।'

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে বেড়েছে।

কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১০টি আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি। অন্যদিকে, জামায়াতের ১১ দলীয় ঐক্য ৭২টি এবং স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন। এখনো ১০টি আসনের ফল ঘোষণা বাকি। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত করা হয়েছিল।

Tag: