অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে “মর্যাদাপূর্ণ ফলাফল” অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের “সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ”, “দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা” এবং পরবর্তী সময়ে ফলাফল “শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ” করার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।
বার্তায় আরও বলা হয়, নির্বাচনী প্রচারের সময় থেকে ফল ঘোষণার পরবর্তী পর্যায় পর্যন্ত জামায়াত আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযমপূর্ণ অবস্থান এবং দায়িত্বশীল বক্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে “বিশেষ ভূমিকা” রেখেছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দলীয় কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বানও ওই সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছিল।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে “গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা” দিয়েছে—তার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
বার্তায় প্রধান উপদেষ্টা দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে—যেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারসহ নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা সামনে রয়েছে। এই বাস্তবতায় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল এবং নীতিনিষ্ঠ ভূমিকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি প্রত্যাশা প্রকাশ করে বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে “গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি” হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে “সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি” গড়ে উঠবে—এমনটাই সরকারের আকাঙ্ক্ষা বলে তিনি জানান।
জাতীয় ঐক্যের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে জাতীয় ঐক্য সুসংহত করতে জামায়াত আমির যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি “দৃঢ় বিশ্বাস” করেন। বার্তায় তিনি যোগ করেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।
আরো পড়ুন: