ফকিরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফকিরহাটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪৩

বাগেরহাটের ফকিরহাটে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সজল স্টোর, ফাইম স্টোর ও রফিকুল ফল ভান্ডার অ্যান্ড কনফেকশনারিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। জরিমানার অর্থ তাৎক্ষণিক ভাবে পরিশোধ করে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, 'জনস্বার্থে বাজার তদারকির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'