স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, 'নরসিংদীসহ দেশের যেসব স্থানে মেডিকেল কলেজ প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকাতেই তা প্রতিষ্ঠা করা হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।'
শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের কাছে যাবে।'
স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে জনস্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মন্ত্রী বলেন, 'নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।'
পাশাপাশি নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট চালুর ইচ্ছার কথাও জানান তিনি।
মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন।'
আরো পড়ুন: