পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে: দুর্যোগ মন্ত্রী

পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে: দুর্যোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৫২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ আর আগের মতো চলবে না। যদি আগের মতোই চলত, তাহলে এত মতবিরোধ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।'

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার বিকেল ৪টায় প্রথমবারের মতো তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাট-৩ সফর করেন। এ সময় বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ মন্ত্রী বলেন, 'নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের প্রতি।'

মন্ত্রী আরও উল্লেখ করেন, এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী- মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয়।

দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুলু বলেন, 'গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমাকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।' এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন।

বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।