চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। যা প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য পুনর্বিন্যাসের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।
এছাড়া, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও নীতিনির্ধারণী পর্যায়ে নতুন সমন্বয় আনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। যদিও আনুষ্ঠানিক ভাবে কারণ উল্লেখ করা হয়নি, তবু প্রশাসনে নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Tag:
আরো পড়ুন: