ঈদযাত্রায় কোন দিনের অগ্রিম টিকিট কবে পাওয়া যাবে জানালো রেলওয়ে

ঈদযাত্রায় কোন দিনের অগ্রিম টিকিট কবে পাওয়া যাবে জানালো রেলওয়ে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২২

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আগামী ০৩ থেকে ০৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। নিয়মিত ট্রেনের পাশাপাশি এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন (ঈদ স্পেশাল) পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট আগামী ০৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। আর ০৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ০৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের টিকিট বিক্রি হবে। তবে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

১৩ মার্চ থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট ইস্যু করা হবে। ১৩ মার্চ পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ পাওয়া যাবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ পাওয়া যাবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের টিকিট।

বিশেষ ট্রেন সার্ভিস

এদিকে, ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন নির্দিষ্ট রুটে চলাচল করবে। এর মধ্যে রয়েছে, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ২), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল (৩ ও ৪), ভৈরববাজার-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল (৫, ৬, ৭ ও ৮) এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল (৯ ও ১০)।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট ফেরত দেওয়া যাবে না। তবে যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ মার্চ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে। এ সময় একতা, দ্রুতযান, পঞ্চগড়সহ উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এছাড়া নাশকতারোধে রেললাইন ও ব্রিজগুলোতে বিশেষ টহল এবং বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিপজ্জনক ও টিকেটবিহীন ভ্রমণরোধে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে এই দুই স্টেশনমুখী কোনো আন্তঃনগর টিকিট ইস্যু করা হবে না।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখতে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পৃথক মনিটরিং সেল গঠন করা হয়েছে।