নরসিংদীর ধর্ষণ মামলার প্রধান আসামি ভারতে পালানোর চেষ্টা, গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর ধর্ষণ মামলার প্রধান আসামি ভারতে পালানোর চেষ্টা, গাজীপুরে গ্রেপ্তার
নূর মোহাম্মদ ওরফে নুরাকে শুক্রবার রাতে পুলিশ গাজীপুর থেকে গ্রেপ্তার করে। ছবি : বাসস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫০

নরসিংদীর আলোচিত এক ধর্ষণ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরা ভারতে পালানোর চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সীমান্ত দিয়ে দেশত্যাগের প্রস্তুতির মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল অফিসার আনোয়ার হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নূর মোহাম্মদ দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সরাসরি ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। অপর তিনজন স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টায় সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভুক্তভোগীর মা ফাহিমা বেগম প্রধান আসামি হিসেবে নূর মোহাম্মদকে উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার বিষয়ে কর্তৃপক্ষ দৃঢ় অবস্থানে রয়েছে।