প্রথম আলো কার্যালয় হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলো কার্যালয় হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
শনিবার বিকেলে একটি সংবাদপত্র কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গণমাধ্যমের পাশাপাশি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩২

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তা নিশ্চিত করতে কাজ করবে।

শনিবার বিকেলে একটি সংবাদপত্র কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণমাধ্যমের পাশাপাশি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

সাম্প্রতিক সময়ে সংবাদপত্র কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অগ্রগতি নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে হামলার ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা গেছে যে গণমাধ্যম নিরাপত্তাহীন। সরকার এ পরিস্থিতি পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, উগ্রবাদী ও সহিংস শক্তির বিরুদ্ধে রাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে এবং প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সরকার বলছে, তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মধ্য দিয়ে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় স্পষ্ট বার্তা দেওয়া হবে।