ওয়াসার এটিএম বুথের পানির দাম বেড়েছে

ওয়াসার এটিএম বুথের পানির দাম বেড়েছে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ১৭:৩০

ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম হুট করে বাড়ানো হয়েছে। আগে প্রতি লিটার পানি ভ্যাটসহ গ্রাহক কিনতেন ৮০ পয়সায়। রোববার থেকে প্রতি লিটার কিনতে হচ্ছে ১০০ পয়সা করে, মানে প্রতি লিটার পানি এখন এক টাকা।

ওয়াসার কর্মকর্তারা বলছেন, ‘বর্তমানে এটিএম বুথ পরিচালনাসহ বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়িয়েছে ওয়াসা। যদিও একই কথা বলে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুণ বাড়ানো হয়েছিল। অর্থাৎ, ৪০ পয়সা লিটার পানির দাম এক লাফে ৮০ পয়সা করা হয়েছিল।

গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর অফিস আদেশ জারি করেন ওয়াসা সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। ওই অফিস আদেশে বলা হয়, গত ২৮ জানুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেনেন্স খরচ বাড়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির মূল্য ০ দশমিক ৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১ টাকা (ভ্যাট+ট্যাক্সসহ) বাড়ানোর সিদ্ধান্ত হয়। যা ০১ মার্চ থেকে কার্যকর হবে।

এভাবে দাম বাড়ায় আপত্তি জানিয়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ওয়াসা একটি সেবা সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। পানির দাম না বাড়িয়ে উল্টো এটিএমের পানিতে সরকারের ভর্তুকি দেওয়া দরকার। এতে সমাজের সব শ্রেণির মানুষ বিশুদ্ধ খাবার পানি পাবে। এখন বাসা-বাড়িতে ওয়াসা যে পানি সরবরাহ করে, সেগুলো ফুটিয়ে ঠিকমতো পান করা যায় না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘সম্প্রতি ঢাকা ওয়াসার বোর্ড সভায় এটিএম বুথের পানির দাম ২০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে।’

তিনি বলেন, ‘ওয়াসার এটিএম বুথ পরিচালনা ব্যয় বেড়েছে। বিশেষ করে পানিতে যে কেমিক্যাল, ফিল্টার ব্যবহার করা হয় এগুলোর দাম বেড়েছে। জনবলের মজুরিও বেড়েছে। এ কারণে পানির দাম বাড়ানো হয়েছে।’

মহাখালীর বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, 'আগে মহল্লার কোথাও বিশুদ্ধ খাবার পানি পাওয়া যেত না। ওয়াসার লাইনের পানি ফুটিয়েই খাওয়া লাগতো। এখন সেই কষ্ট অনেকটাই কমছে। কিন্তু যেভাবে এটিএমের পানির দাম বাড়ছে, এটি গ্রহণযোগ্য নয়। ওয়াসা একটি সরকারি সেবা সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাই গ্রাহক সুবিধাটা সবার আগে দেখতে হবে।'

মহাখালী দক্ষিণপাড়ার বাসিন্দা মাজেদা বেগম বলেন, 'খাবার পানিতেও সরকারের দাম বাড়াতে হবে কেন। দেশের কত জায়গায়, কত ভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে। এভাবে অন্তত খাবার পানিতে সরকার বা ওয়াসাকে ভর্তুকি দেওয়া উচিৎ।'

তিনি বলেন, 'আমার আট সদস্যের পরিবার। দিনে গড়ে ১৫ লিটার খাবার পানি লাগে। এ হিসাবে মাসে প্রায় ৫০০ টাকার খাবার পানি কিনতে হয়। আবার বাসায় ওয়াসার পানির বিলতো আলাদা দিতেই হয়। এভাবে গ্রাহকের ওপর চাপ না বাড়িয়ে অন্তত খাবার পানিটা বিনামূল্যে দিতে পারে ওয়াসা।'

এখন রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি আরএফআইডি কার্ড মেশিনে নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয় ভাবে বেরিয়ে আসে বিশুদ্ধ খাবার পানি। কার্ডে ১০ টাকা থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়। এই সেবা পেতে পানির এটিএম বুথের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে।

ঢাকা ওয়াসার পাইপের মাধ্যমে সরবরাহ করা পানি নিয়ে রাজধানীবাসীর অভিযোগ দীর্ঘদিনের। এমন অভিযোগের মধ্যে ২০১৭ সালের মে মাসে নগরের দরিদ্র জনগোষ্ঠীকে কম দামে নিরাপদ পানি সরবরাহ করতে রাজধানীর মুগদায় প্রথম ওয়াটার এটিএম বুথ স্থাপন করা হয়। এ কাজের জন্য যুক্তরাষ্ট্রের ড্রিংকওয়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ওয়াসা। পরে গ্রাহকের চাহিদা অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় তারা বুথ বসানো শুরু করে। ভূগর্ভ থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে বিক্রি করা হয় এসব এটিএম বুথে।

ঢাকা ওয়াসা ও ড্রিংকওয়েলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে ওয়াটার এটিএম বুথের সংখ্যা ৩০২টি। এটিএম বুথের কার্ডের গ্রাহক সংখ্যা ৭ লাখ ৮০ হাজার। প্রতিদিন গড়ে ১৩ লাখ লিটার পানি বিক্রি হয়। ভবিষ্যতে ঢাকায় আরও ২০০ এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে।

বিভিন্ন বুথের অপারেটরদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু নিম্নবিত্তই নয়, মধ্যবিত্ত এবং অনেক উচ্চবিত্তও এখন ওয়াটার এটিএম বুথের গ্রাহক। এখন আর তাদের পানি ফোটানোর কষ্ট করতে হয় না। বুথের পানি দিয়েই চলছে। যেকোনো একটি ওয়াটার এটিএম বুথে গিয়ে দায়িত্বরত অপারেটরকে বললেই কার্ড পাওয়া যায়। এ জন্য সঙ্গে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও ৫০ টাকা (ফি)। এটিএম কার্ডে একবারে সর্বোচ্চ ৯৯৯ টাকা আর সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করে পানি নেওয়া যায়। কার্ড রিচার্জও করেন বুথ অপারেটররা। তবে এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জের পদ্ধতি চালু হয়েছে।

ওয়াসা ও ড্রিংকওয়েল বলছে, যেসব এলাকায় পানির সংকট আর পানিতে গন্ধ ও দূষণ রয়েছে, সেসব এলাকায় গ্রাহক বেশি। এসব এলাকার মধ্যে মুগদা, কদমতলা, মিরপুর, ফকিরাপুল ও পুরান ঢাকায় গ্রাহক বেশি। ২০২৫ সালের মধ্যে রাজধানীতে মোট ৫০০টি এটিএম বুথ চালুর বিষয়ে ড্রিংকওয়েলের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে ওয়াসার।