হরমুজ প্রণালী বন্ধে শঙ্কায় নেই বাংলাদেশ: বাণিজ্য মন্ত্রী

হরমুজ প্রণালী বন্ধে শঙ্কায় নেই বাংলাদেশ: বাণিজ্য মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৯:৩৬

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, 'ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও সোমবার পর্যন্ত বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দুই-চার দিনের মধ্যে সংঘাতের সমাধান হলে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে দেশের জন্য বড় কোনো ঝুঁকি তৈরি হবে না।'

সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, 'জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আজকের দিনে, এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা দেখছি, পরিস্থিতি কোন দিকে যায়।'

তিনি বলেন, 'ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীণ ঘুরে আসতে হয়। সে ক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যায়, যার প্রভাবে সব পণ্যের দাম বাড়ে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখনও তৈরি হয়নি।'

ইরানে চলমান সংঘাতে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে।