সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, 'যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কুরবানি ঈদের আগে এ সুযোগ চালু করা হবে।'
মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উলটো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।'
তিনি বলেন, 'আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।'
মন্ত্রীর তথ্যমতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।
Tag:
আরো পড়ুন: