বেগম জিয়ার জীবন থেকে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: ডা. জুবাইদা

বেগম জিয়ার জীবন থেকে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: ডা. জুবাইদা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ২১:৫৩

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম জিয়ার জীবন থেকে নারীর দৃঢ়তা ও নেতৃত্বের সাহস সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদযাপন ও 'শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ডা. জুবাইদা এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, 'মানুষের সবচেয়ে বড় শক্তি মনোবল। শত অত্যাচার ও অবিচারের মধ্যেও খালেদা জিয়া ছিলেন আপোসহীন, ধৈর্য্যশীল ও অবিচল।'

ডা. জুবাইদা বলেন, 'দেশের নিষ্পেষিত ও নিপীড়িত মানুষের জন্য খালেদা জিয়ার হৃদয় সবসময় কেঁদেছে এবং তাঁর বজ্রকণ্ঠ স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিল।'

তিনি বলেন, 'তিনি (খালেদা জিয়া) একজন মা, যোদ্ধা এবং ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর; গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য পথপ্রদর্শক।'

জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি উল্লেখ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূ বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, তখন একটি জাতিও এগিয়ে যায়।’

জুবাইদা রহমান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যাশিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবেন।

তিনি বলেন, 'আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের দিবস হিসেবে পালিত হোক।'

অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজনের জন্য তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন; বাংলাদেশে ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।