ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসের চাপায় নিহত ৩

ফটিকছড়িতে মোটরসাইকেলে বাসের চাপায় নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২১:৫২

আপডেট: ৯ মার্চ, ২০২৬ ২২:৫১

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলকে যাত্রীবাহী বাসের চাপায় তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা। নিহতরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে হতাহতদের উদ্ধার করে এলাকাবাসী ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে ফটিকছড়ি থেকে গুরুতর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং বলেন, 'উত্তম লেখাপড়া করতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতো। আজ কাজ শেষে ছেলে বাড়ি ফিরলো লাশ হয়ে।'

ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।