রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ২

রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১০:২২

রাজধানীর মতিঝিলে মুরগিবাহী একটি ভ্যানকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় দু'জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তা থেকে গুরুতর আহত অবস্থায় তাদের দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- শেরপুরের নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও সদর উপজেলার বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। 

হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন বলেন, 'রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দু'জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দু'জন মুরগি ব্যবসায়ী।'

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, 'মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।'