স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৪:০৪

আপডেট: ১২ মার্চ, ২০২৬ ১৭:১৩

শপথ গ্রহণ করলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার বেলা ১২টার পর তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ পড়ানো হয়।

প্রথমে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ানো হয়। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

পরে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়।