বাগেরহাটের রামপালে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষে বর ও কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোংলা উপজেলার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে (বর) সাব্বির, নববধূ মারজিয়া আক্তার মিতু, মিতুর নানী আনোয়ারা বেগম, রাজ্জাকের মেয়ে লামিয়া, রাজ্জাকের স্ত্রী আন্জুমারা বেগম, রাজ্জাকের আরেক ছেলের স্ত্রী পুতুল, পুতুলের ছেলে আলিফ, রাজ্জাকের আরেক মেয়ে ঐশি, ঐশির স্বামী সামিউল, ইরান, ইব্রাহিম সানি, মাইক্রোচালক নাঈম ও অজ্ঞাত একজন।
জানা যায়, ছোট ছেলে সাব্বিরকে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের মারজিয়া আক্তার মিতুর সাথে বিয়ে দিয়ে নববধূসহ পরিবার নিয়ে মোংলায় ফিরছিলেন আব্দুর রাজ্জাক। পথিমধ্যে এ মর্মান্তিক দুঘটনা ঘটে। এতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সাত সদস্যসহ ১৪ জনের মৃত্যু হয়।
নাসিমউদ্দিন নামের একজন বলেন, ‘আমার ভাগনির আজ বিয়ে হয়েছে। বিয়ে অনুষ্ঠান শেষে সবাই মাইক্রোবাসযোগ ফিরছিলেন। পথে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ছুটে এসে দেখতে পাই সে মৃত।’
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, 'পরিবারের বড় ছেলে জনি ফোন করে বলেন- আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’ আমরা এসে কাউকে জীবিত পায়নি, সবাই মারা গেছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, 'মোংলা থেকে ছেড়ে যাওয়া নৌবাহিনীর একটি বাস ও খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখী সংর্ঘষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুই শিশুসহ সাত জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও সাত জনের।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহনাজ মোশাররফ বলেন, 'প্রথমে আমরা একই পরিবারের সাত জনের লাশ পেয়েছি। এর মধ্যে তিন জন নারী, এক বছরের নীচে দুই শিশু, ১৩ বছরের একজন শিশু ও দু'জন পুরুষ রয়েছে। সর্বমোট নয়টি লাশ খুলনা মেডিকেলে আসে। এছাড়া গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, 'আমাদের এখানে চার জনের মরদেহ আছে।'
Tag:
আরো পড়ুন: