ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তা-ভাবনা চলছে। এর মধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত।’
তিনি বলেন, ‘সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারাদেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘পুরানো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মিলন বলেন, ‘আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খন্ডিত ভাবে নয়।’
আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
Tag:
আরো পড়ুন: