রাজশাহী জেলায় জ্বালানি সরবরাহে বিঘ্নের অভিযোগ তুলে পেট্রোল পাম্প মালিকরা সোমবার থেকে কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে জেলার সব পাম্প থেকে জ্বালানি উত্তোলন বন্ধ করা হতে পারে।
রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক সমিতির পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সমিতির দাবি, জেলায় থাকা ৪২টি ফিলিং স্টেশনের প্রায় সবকটিই বর্তমানে জ্বালানি সংকটে পড়েছে।
পাম্প মালিকদের অভিযোগ, কিছু স্টেশনে সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও বেশিরভাগ পাম্প পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে যানবাহন চালক এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং বিভিন্ন স্থানে উত্তেজনাও তৈরি হচ্ছে।
সমিতির সভাপতি মনিমুল হক বলেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অসম বণ্টনের কারণে পাম্প পরিচালনা কঠিন হয়ে পড়েছে। অনেক স্টেশনে গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না, যার ফলে কর্মচারীদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডা পর্যন্ত হচ্ছে।
তিনি আরও বলেন, দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না করা হলে সোমবার থেকে রাজশাহীর সব পেট্রোল পাম্প জ্বালানি উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় সমিতি স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করছে। এতে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ চাওয়া হবে।
স্থানীয় সূত্রগুলো বলছে, সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন খাতসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে।
আরো পড়ুন: