বাংলাদেশ সরকার গণপরিবহনের জন্য চালু করা জ্বালানি রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত থেকে বাস ও দূরপাল্লার পরিবহনগুলো আগের সীমাবদ্ধতা ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে সরকার।
শনিবার রাজধানীর গুলিস্তান এলাকায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণপরিবহনের জন্য নির্ধারিত জ্বালানি সরবরাহের ওপর যে সীমা আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা যায়।
মন্ত্রী জানান, এতদিন বাস ও দূরপাল্লার যানবাহনগুলোকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিয়ে পরিচালনা করতে হচ্ছিল। তবে শনিবার রাত থেকে সেই বিধিনিষেধ আর কার্যকর থাকবে না। ফলে আন্তঃজেলা পরিবহন ও শহরের বাসগুলো প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে।
তিনি বলেন, দেশের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াত গণপরিবহনের ওপর নির্ভরশীল। তাই পরিবহন খাতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।
তবে মন্ত্রী স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছু চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
এই পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও সেই চাপের বাইরে নয়। তবুও সরকার অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যাতে পরিবহন খাতসহ গুরুত্বপূর্ণ খাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে।
শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন, গণপরিবহনে জ্বালানি রেশনিং তুলে নেওয়ার সিদ্ধান্ত দেশের পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং যাত্রীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে।
আরো পড়ুন: