ঈদযাত্রায় বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করছে বিআইডব্লিউটিএ

ঈদযাত্রায় বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করছে বিআইডব্লিউটিএ
ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১৯:৪৯

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে রাজধানীর সদরঘাটের চাপ কমাতে বিকল্প নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ব্যবস্থার আওতায় বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজের কাছে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে নির্দিষ্ট রুটে লঞ্চ চলাচল করবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই বিশেষ সার্ভিস চালু থাকবে। মূল লক্ষ্য হচ্ছে ঢাকা নদীবন্দর সদরঘাটে অতিরিক্ত যাত্রীর চাপ কমানো এবং যাত্রীদের জন্য বিকল্প নৌপথে সহজ যোগাযোগ নিশ্চিত করা।

বিআইডব্লিউটিএ সূত্র অনুযায়ী, বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন কয়েকটি নির্ধারিত রুটে লঞ্চ চলাচল করবে। এসব লঞ্চ সদরঘাট হয়ে শরীয়তপুর, চাঁদপুর, ইলিশা ও গলাচিপাসহ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক লঞ্চ বছিলা থেকে ছেড়ে যাবে।

অন্যদিকে পূর্বাচল কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকেও বিশেষ লঞ্চ সার্ভিস চালু থাকবে। এখান থেকে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল করবে, যা রাজধানীর যাত্রীদের জন্য বিকল্প নৌযাত্রার সুযোগ তৈরি করবে।

ঈদযাত্রায় যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে অতিরিক্ত কিছু সুবিধাও চালু করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সদরঘাট এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ব্যক্তিগত মালামাল বহনে বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। তবে এই সুবিধা ব্যবসায়িক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এছাড়া অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা আশা করছেন, বিকল্প ঘাট ব্যবহার এবং অতিরিক্ত যাত্রীসেবার ব্যবস্থা চালুর ফলে এবারের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে।