রাজধানীর শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিবুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানান।
এদিকে, এ ঘটনায় জড়িত একজনকে পথচারীরা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, 'গুলির ঘটনার পর পরই প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে।'
তিনি বলেন, 'ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। তারা দু'জনেই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।'
শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, 'শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিব মাথায় গুলিবিদ্ধ হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
আরো পড়ুন: