পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৪:১৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। একইসঙ্গে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ নিয়োগ দেন। ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে সাময়িক সময়ের জন্য নিয়োগ পেয়ে দীর্ঘ ৬ বছর ধরে এ গুরু দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ড. ফায়েজ ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন’-এর ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেন।