পানির স্বাভাবিক প্রবাহ রক্ষা না হলে মানব সভ্যতা বিপদে পড়বে: ড. মঈন খান

পানির স্বাভাবিক প্রবাহ রক্ষা না হলে মানব সভ্যতা বিপদে পড়বে: ড. মঈন খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৬:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, 'কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও কথার চেয়ে কাজে বিশ্বাসী হয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।'

সোমবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, 'বর্তমান বিশ্বে পানির স্বাভাবিক সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানব সভ্যতা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। তাই নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় বাঁধ দিয়ে যদি পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে লবণাক্ততার কারণে বাংলাদেশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। এ জন্য পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।'

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ,মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালের খনন কাজ শুরু করা হয়। এই কর্মসূচির আওতায় নরসিংদী জেলায় মোট ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।