প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, আমরা সেই উদ্দেশ্যই মনে রাখবো। আমরা সবাই যেন দেশের জন্য কাজ করতে পারি, ভালো থাকবেন সবাই।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলির সন্তান। আমাদের দায়িত্ব রয়েছে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি। এ সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই।’
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য এ কুচকাওয়াজ শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এবারের কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে মুদ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন।
Tag:
আরো পড়ুন: