নকল বন্ধে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

নকল বন্ধে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ২২:২৭

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, 'পরীক্ষায় আর নকল চলবে না। হাসিনা সরকার আসার পর দেশে নকলে সয়লাব হয়ে গিয়েছিল। এখন থেকে নকল করে পরীক্ষা আর চলবে না। সে ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিলেন শিক্ষকরা, বন্ধও করেছিলেন শিক্ষকরা। একজন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। শিক্ষকদের হাত ধরেই আমাদের সন্তানরা সুশিক্ষিত এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের আমলের মতো পরীক্ষা এ দেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুইটা কলম থাকত। একটা কালো আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতেন। শিক্ষকরা নকল সরবরাহ করতেন। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকে মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনাদের জন্য এটা এবাদতখানা।'

শিক্ষামন্ত্রী বলেন, 'সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না, প্রতিটি প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।'

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমএম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।