এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়ক মন্ত্রী

এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৭:২৪

আপডেট: ২৯ মার্চ, ২০২৬ ১৭:২৫

এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'শুধু নন এসি নয়, নন-এসি বাসের ভাড়াও নির্ধারণ করে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সড়ক মন্ত্রী বলেন, 'আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সে জন্য কাজ করছে সরকার। যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিডসহ বিভিন্ন অনিয়ম জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।'

তিনি বলেন, 'সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে চার জন রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।'