রাতেই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতেই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৯:২৯

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।'

এদিকে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশের বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে বিশেষ কমিটিতে আলোচনা হবে।

প্রায় ১৩ দিন পর রোববার বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয় অধিবেশন। অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক।

স্পিকারের অনুপস্থিতিতে বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।