কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাহাবুল হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর এক আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের আসাদুল প্রামাণিক ওরফে কালু, হাবিল হোসেন, মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের আবু তাহের।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার শেষে ছেলে সাব্বিরকে দিয়ে জিনিসপত্র বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর রাত থেকে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে বুরাপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নওদা আজমপুর মাঠপাড়ার একটি ধইঞ্চা ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ওইদিনই মিরপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসএম জাবীদ হাসান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, 'সাহাবুল হত্যা মামলায় অপরাধ সন্দেহীত ভাবে প্রমাণিত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।'
আরো পড়ুন: