রাজধানীতে স্কুল শুরুর ও ছুটির সময় তীব্র যানজট কমাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর ও টেকসই সমাধান প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা এএনএম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে রাজধানীর বিভিন্ন স্কুলকেন্দ্রিক যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, সকাল ও ছুটির সময় স্কুলের আশপাশে যানবাহনের অতিরিক্ত চাপ কীভাবে নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাকে প্রভাবিত করছে, তা পর্যালোচনা করা হয়। এ প্রেক্ষাপটে বিকল্প ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও বিবেচনায় আনা হয়।
প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে একটি স্কুলের সামনে প্রায় ১৫০ শিক্ষার্থীর বিপরীতে ১০০টির মতো যানবাহন জমা হয়, যা স্বল্প সময়ের মধ্যে আশপাশের সড়কে মারাত্মক যানজট সৃষ্টি করে। এতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে।
প্রধানমন্ত্রী পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এমন সমাধান চেয়েছেন, যা দীর্ঘমেয়াদে কার্যকর হবে এবং নগরীর চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকের পর প্রধানমন্ত্রী পৃথকভাবে জ্বালানি উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠক করেন। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিশেষজ্ঞদের মতে, স্কুলভিত্তিক যানজট সমস্যা নিরসনে সমন্বিত পরিবহন নীতি, স্কুল বাস ব্যবস্থার সম্প্রসারণ এবং সময়সূচির পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Tag:
আরো পড়ুন: