শহীদ মীর মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ মীর মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১৯:৪০

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে নিহত মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তা সফল হয়েছে বলে জানানো হয়েছে। এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেন হাসপাতালের পরিচালক ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেন। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করে। প্রতিনিধিদলের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন। তারা রোগীর চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে দিপ্ত চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সহায়তা নিশ্চিত করতে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।

চিকিৎসক ও সংশ্লিষ্টদের মতে, অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।