হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৮:০১

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, 'এর মধ্যে রামেক হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।'

তিনি আরও বলেন, 'গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন। এ নিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।'

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দু'জন ও রোববার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে। 

সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, 'হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু চাঁপাইনবাবগঞ্জের ও একজন শিশু নাটোরের।'