ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩০ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৩০ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ২১:০৫

গত ২৪ ঘন্টায় সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু'জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু'জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। 

একই সময়ে ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর-এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩৪ জন। 

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৪০ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।