রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ১২:১৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হাম সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ২০ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ জন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন।'

তিনি আরও বলেন, 'এ নিয়ে হাম সাসপেক্টেড হয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।'

ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, 'আগের থেকে রোববার রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি ছিল। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।'