পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১১:৫৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক নাগরিক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪০) উপজেলার ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সংলগ্ন সীমান্ত মেইন পিলার ৮৭৪ থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম এলাকায় ৬-৭ জন চোরাকারবারি প্রবেশ করে। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান। 

পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার অন্তর্গত মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, 'ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনায় বিজিবির ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।'