নাটোরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নাটোরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ২২:০৪

নাটোরে কৃষক মেছের আলী তালুকদার (৪৩) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে মো. ইদ্রিস আলী ও মো. ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মন্ডলের ছেলে শ্রী কার্তিক মন্ডল এবং উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মো. আবুল হোসেন। 

রায় ঘোষণার সময় আবুল হোসেন ও আবু রায়হান মৃধা পলাতক ছিলেন। বাকিরা উপস্থিত ছিলেন।

নাটোর জজ আদালতের পিপি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর রায়ের তথ্য জানিয়েছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সাথে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জরুরী কাজে কৃষক মেছের আলী তালুকদার নিজ গ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামিরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম বুধবার রায় দেন। রায়ে বিচারক ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ৫০ হাজার টাকা করে পরিশোধ করার জন্যও বিচারক নিদের্শনা দিয়েছেন। পূর্বে কোনো হাজতবাস করে থাকলে কারাদণ্ড থেকে তা কমিয়ে দেয়া হবে।