বাজার স্থিতিশীল রাখতে কঠোর অ্যাকশন একদিনে জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার তেল

বাজার স্থিতিশীল রাখতে কঠোর অ্যাকশন একদিনে জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার তেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ২০:২৯

ভোক্তা বাজারে কৃত্রিম সংকট রোধ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী এই বিশেষ অভিযানের তথ্য নিশ্চিত করেন।

অভিযান চলাকালে ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব জানায়, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি গুদামে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নজরদারি জোরদার করা হয়েছে এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ঢাকার বাইরেও এই অভিযানের প্রভাব ছিল ব্যাপক। যশোরের কোতোয়ালি এলাকায় মেসার্স নবাব মিল থেকে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে মূল্য কারসাজি ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা এবং নরসিংদীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোজ্যতেলের পাশাপাশি খাদ্যশস্যের বাজারেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাজধানীর জুরাইন এলাকায় এক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা অবৈধ মজুদের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া রূপগঞ্জ, ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় ভেজাল পণ্য উৎপাদন ও অতিরিক্ত মুনাফা লাভের অপরাধে চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে বড় বড় আড়ত ও গুদামগুলোতে তল্লাশি আরও জোরদার করা হচ্ছে যাতে কোনো অসাধু চক্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।