প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৫:২৭

দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

পঞ্চগড়ের বোদা উপজেলায় শনিবার দুপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা করি। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।'

তিনি বলেন, 'আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।'

তিনি আরও বলেন, 'শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দলমত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে।'

ফরহাদ হোসেন বলেন, 'বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনী ইশতেহারে যা যা বলেছি তার সবকটি বাস্তবায়ন করা হবে। আমরা সবার সহযোগিতা চাই।'

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বোদা উপজেলায় ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ ২ হাজার করে টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা করে এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।