মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২০:৩৭

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)। তবে তারা কোন গ্রুপের সদস্য তাৎক্ষণিক ভাবে তা জানাতে পারেনি পুলিশ।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন নিহত হয়েছে। বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।'

তিনি বলেন, 'তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।'

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই বিকেলে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।