দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৯

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন।

মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫); বিরামপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫); মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই করা ট্রাকটি। ভোর রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। আহত হন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, 'দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।'

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, 'চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।'