রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৬

আপডেট: ১৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৭

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের চার জনকে এলোপাতাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে একজন মারা গেছেন। 
 
মঙ্গলবার ভোরের দিকে যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে।
 
গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২) কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
 
তাদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন। কথা কাটাকাটির একপর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিন জন চিকিৎসাধীন। এ ঘটনায় আবু মুসাও ঢামেক হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
 
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।