হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৮:২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিত ভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, বাকি দু'জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৬৬ জন।

একই সময়ে দেশে নিশ্চিত ভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জনে এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় দু'জনের মৃত্যু হয়।

রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রামে ১০০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোতেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলক ভাবে কম।

Tag: