ফের মোহাম্মদপুরে হত্যাকাণ্ড

ফের মোহাম্মদপুরে হত্যাকাণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১২:২৮

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, 'নিহত আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।'

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিন রাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, 'ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।