জেদ্দায় পৌঁছাল বাংলাদেশের প্রথম ৪১৯ হজযাত্রী

জেদ্দায় পৌঁছাল বাংলাদেশের প্রথম ৪১৯ হজযাত্রী
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৩:৪৮

বাংলাদেশের হজ যাত্রীদের নিয়ে বছরের প্রথম বিশেষ ফ্লাইটটি সফলভাবে সৌদি আরবে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ৪১৯ জন হজযাত্রীকে বহনকারী এই ফ্লাইটটি অবতরণের মধ্য দিয়ে ২০২৬ সালের পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ধর্ম মন্ত্রণালয়ের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের জন্য ছিল বিশেষ অভ্যর্থনার আয়োজন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং জেদ্দায় নিয়োজিত কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় সৌদিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ জেদ্দা হজ টার্মিনালের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিমানবন্দর থেকে বের হওয়ার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। স্বাগত জানানোর সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে উপহার হিসেবে ‘রিফ্রেশমেন্ট কিট’ তুলে দেন রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি আরবের অভ্যর্থনা সংস্থা ‘নুসুক মারহাবা’র পক্ষ থেকেও হজযাত্রীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিরাপদ যাত্রার জন্য মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পর্যায়ক্রমে বাকি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কাজ সম্পন্ন করবে। এবারের হজের ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং খরচ হ্রাসের উদ্যোগগুলো হজযাত্রীদের জন্য সফরকে আরও সহজতর করবে বলে আশা করছে সরকার।