বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছে দেশটি।
সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায় ঢাকাস্থ ইরান দূতাবাস।
বিবৃতিতে তেহরান উল্লেখ করে, আঞ্চলিক অস্থিতিশীলতার মাঝেও বাংলাদেশ যেভাবে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, তা অত্যন্ত ইতিবাচক। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক আরও সুসংহত করার ওপর জোর দিয়ে ইরান জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে তেহরান অটল।
সম্প্রতি আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী সাইদ খাতিবজাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার সূত্র ধরে এই নতুন কূটনৈতিক আশ্বাসের বিষয়টি সামনে আসে। ওই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে দূতাবাস আশা প্রকাশ করেছে যে, এর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আগামীতে আরও বিস্তৃত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাংলাদেশি নৌযানগুলোর নিরবিচ্ছিন্ন চলাচল বজায় রাখতে ইরান সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া গত কিছুদিনে আজারবাইজানের মাধ্যমে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও ইরান সক্রিয় সহযোগিতা প্রদান করেছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের যে পথ বাংলাদেশ বেছে নিয়েছে, ইরান তাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে বাংলাদেশের শোকবার্তা এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে পাঠানো মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।
তবে মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ নিয়ে কিছু গণমাধ্যমে ‘খণ্ডিত ও ভুল তথ্য’ পরিবেশনে উদ্বেগ প্রকাশ করে ইরান দূতাবাস দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আহ্বান জানিয়েছে। পারস্পারিক শ্রদ্ধা বজায় রেখে এবং ভুল বোঝাবুঝি এড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে দেশটি।
Tag:
আরো পড়ুন: