সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১১:৪২

সৌদি আরবে চলতি হজ মৌসুমে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।  

মৃত মো. নইম উদ্দীন মন্ডল মক্কায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। নইম উদ্দীনের পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। তিনি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছেন। 

হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবের পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী দুই হাজার ৮৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি। 

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।