দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে পরিবহনের ভাড়া বাড়াতে গত ১৯ এপ্রিল বৈঠকে বসে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও মালিকরা। কিন্তু বৈঠকে বিশেষ কোনো সিদ্ধান্ততে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। মালিকদের প্রস্তাবনা যাচাই-বাছাই করছে সরকার।
এ কারণে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো ভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
বিবৃতিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহনখাতের সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী।
এই পরিস্থিতিতে পরিবহনখাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মত ভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।
Tag:
আরো পড়ুন: