হাম প্রতিরোধে টেস্ট কিটের স্বল্পতা রয়েছে: প্রধানমন্ত্রী

হাম প্রতিরোধে টেস্ট কিটের স্বল্পতা রয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২২:১৮

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘হাম প্রতিরোধে টেস্ট করার যে কিট ব্যবহার করা হয়, এটির স্বল্পতা রয়েছে। তবে, এ ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দল, সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো- সেই স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।’

তিনি বলেন, ‘এ কারণেই স্বাভাবিক ভাবেই সমস্যাটি দেখা দেয়। তবে, খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত হামের ভ্যাকসিন আমাদের পাঠিয়েছে। ফলে, দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারবো।’

তারেক রহমান বলেন, ‘হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। কিন্তু, আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’